চুয়াডাঙ্গা-যশোর সড়কে বাস বন্ধ এক মাস
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এক মাসের বেশি সময় ধরে চুয়াডাঙ্গা-যশোর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার সীমানা হাসাদহ বাজার পর্যন্ত উভয় দিকের বাস চলাচল করছে।খেয়াল-খুশিমতো চলাচল করায় গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময়ের পাশাপাশি বারবার ওঠানামা করতে গিয়ে রোদ-বৃষ্টিতে ভিজে-পুড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরাসরি বাস চলাচল বন্ধের ঘটনায় চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতি ও কালীগঞ্জ মোটরমালিক সমিতি পরস্পরকে দায়ী করলেও কত দিনে তা চালু হবে, সঠিকভাবে বলতে পারছে না কেউ। চুয়াডাঙ্গা থেকে যশোরে নিয়মিত যাতায়াতকারী আহসান হাবীব নামের এক যাত্রী অভিযোগ করেন, সরাসরি বাস চলাচল বন্ধ হওয়ায় সময়সূচি চরম বিপর্যয়ে পড়েছে। বাসের চালকেরা যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছেন-তুলছেন। খাঁচায় রাখা মুরগির মতো গাদাগাদি করে যাত্রী তুলছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। কালীগঞ্জ মোটরমালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের দাবি, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের স্বেচ্ছাচারিতা এর জন্য দায়ী। তিনি জানান, চুয়াডাঙ্গা-যশোর যাওয়ার পথে ঝিনাইদহের মহেশপুর বাসস্ট্যান্ড থেকে আবুল কালামের মালিকানাধীন কেজিএন পরিবহনের বাস ছাড়ার নির্ধারিত সময় সকাল সাতটা ৪০ মিনিট। একই বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ মোটরমালিক সমিতির খান ডিলাক্স ও অগ্রদূত পরিবহনের বাস ছাড়ার সময় যথাক্রমে সাতটা ২২ ও সাতটা ৩০ মিনিট। কিন্তু গত ২৮ মে থেকে কাউকে না জানিয়েই কেজিএন পরিবহনের বাস সাতটা ২০ মিনিটে চলতে শুরু করে। ফলে অন্য দুটি পরিবহন যাত্রী নিয়ে বিপর্যয় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। চুয়াডাঙ্গার সভাপতিসহ নেতাদের বিষয়টি অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় ৩ জুন কেজিএন পরিবহনকে মহেশপুর বাজার থেকে নির্ধারিত সময়ে চলতে বাধ্য করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জের বাসগুলো যাত্রী ছাড়াই ফেরত পাঠায়। কালীগঞ্জের মালিক-শ্রমিকেরা চুয়াডাঙ্গার বাসের বিষয়ে পাল্টা ব্যবস্থা নেন। এ কারণে ৪ জুন থেকে নিজ নিজ জেলার সীমানা পর্যন্ত বাস চলাচল করছে।তবে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম দাবি করে বলেন, চুয়াডাঙ্গা-যশোর সড়কের সরাসরি বাস চলাচল বন্ধের জন্য কালীগঞ্জ মালিক সমিতিই দায়ী।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমান প্রথম আলোকে জানান, সরাসরি বাস চলাচল বন্ধের ঘটনাটি তাঁর জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।