চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ছয় মাস ধরে চুয়াডাঙ্গা-যশোর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সেই থেকে চুয়াডাঙ্গার জেলা সীমানা হাসাদহ বাজার পর্যন্ত উভয় দিকের বাস চলাচল করছে। এতে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের বারবার ওঠানো-নামানোয় ভোগান্তি পোহাতে হচ্ছে; এ ছাড়া সময়ও বেশি লাগছে।চুয়াডাঙ্গা থেকে যশোরে নিয়মিত যাতায়াতকারী আজাদ রহমান অভিযোগ করেন, গত ৩ জুন থেকে সরাসরি বাস চলাচল বন্ধ হওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। কালীগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন গতকাল শুক্রবার জানান, সরসারি বাস চলাচলের লক্ষ্যে ৩ অক্টোবর চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মঈনুদ্দীনের সভাপতিত্বে যৌথ সভা হয়। চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের আমন্ত্রণে এতে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, কালীগঞ্জ মোটর মালিক সমিতির সহসভাপতি মফিজুর রহমানও উপস্থিত ছিলেন। সভায় পরদিন থেকে চুয়াডাঙ্গা-যশোর সরাসরি বাস যাতায়াতের সর্বসমঞ্চত সিদ্ধান্ত হয়। কিন্তু কালীগঞ্জ ও যশোর মালিক সমিতির কিছু নেতার একগুঁয়েমির কারণে সে সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি।চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো.মঈনুদ্দীন জানান, ৩ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সকালে যশোরের উদ্দেশে বাস ছাড়া হয়। কিন্তু বাসটি চুয়াডাঙ্গা জেলার সীমানা হাসাদহ বাজারে পৌঁছালে কালীগঞ্জ মোটর মালিক সমিতির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে বাস নিজ নিজ জেলা সীমানা পর্যন্তই চলাচল করতে থাকে। এ অবস্থায় কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান শনিবার (আজ) বেলা তিনটায় কালীগঞ্জে যৌথ সভা ডেকেছেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পরিবহন মালিকদের একটি সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের মালিকানাধীন কেজিএন পরিবহনের বাস চলাচলের সময় নির্ধারণকে কেন্দ্র করে কালীগঞ্জ মোটর মালিক সমিতির সঙ্গে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বিরোধ বাধে। এর জের ধরে ৩ জুন থেকে চুয়াডাঙ্গা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।