চুয়াডাঙ্গা-রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে সদর উপজেলার ঘোড়ামারা সেতুর কাছে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরজু হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত ও দুজন আহত হয়েছেন। একই দিনে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে আরেক কলেজছাত্র।নিহত আরজু চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার নাসির উদ্দিনের ছেলে ও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত ব্যক্তিরা হলেন নিহতের বন্ধু দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে শিশির হোসেন (২২) ও শহরের ফেরিঘাট সড়কের শিবু প্রসাদ সাহার ছেলে সুদীপ্ত সাহা (১৮)।শামসুল ইসলাম জানান, তাঁর ব্যক্তিগত পালসার মোটরসাইকেলে চড়ে ছেলে শিশির এবং তাঁর দুই বন্ধু আরজু ও সুদীপ্ত শুক্রবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। সদর উপজেলার ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরজু নিহত হয় এবং মুমূর্ষু অবস্থায় অপর দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের গোয়ালবাড়ী ঈদগাহ মাঠের পাশে শুক্রবার সকাল সাড়ে ১০টায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে রিয়াজ শিকদার নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। রিয়াজ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামের আবদুল জব্বার শিকদারের ছেলে ও বহরপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াজ সকালে প্রাইভেট পড়ে প্রত্যাশা নামের বাসে করে বাড়ি ফিরছিল। ইন্দুরদি ঘাটে নামতে চাইলেও তাকে না নামিয়ে সামনে নিয়ে যায়। এরপর চলন্ত বাস থেকে জোর করে নামিয়ে দিলে সে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।