চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ নভেম্বর। এ উপলক্ষে আজ রোববার সাহিত্য প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা গোলাম কবীর বলেন, ১৯৭৭ সালের ২০ নভেম্বর নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক এবং সে সময়ের সংস্কৃতিমনা এক ঝাঁক শব্দসৈনিককে সঙ্গে নিয়ে এই সাহিত্য সংগঠনটির জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নতুন কবি, লেখক, নাট্যকার, গবেষক ও সাহিত্যামোদী সৃষ্টি করতে ভূমিকা পালন করছে।

পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ গত শুক্রবার ১ হাজার ২১৪তম পর্ব পার হয়েছে। আসরটি প্রবীণ-নবীন সব বয়সী লেখকদের মিলনমেলা হিসেবে পরিচিত। মফস্বল শহরে সাহিত্য আড্ডার এই ধারাবাহিকতা একটি উল্লেখযোগ্য ঘটনা।

সাহিত্যিক মকবুলার রহমান বলেন, সাহিত্যই পারে মানুষের মধ্যে মননশীলতার জন্ম দিতে। যাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে একাকার হয়ে যায়। মানবহৃদয়ে মহৎ চিন্তার জন্ম দেয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, তাঁদের সংগঠনের আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই। তারপরও সংগঠনটি ৩৯ বছর পূর্ণ করেছে। বিগত বছরগুলোতে এ সংগঠন দেশের স্বনামধন্য কবি-সাহিত্যিকদের সঙ্গে চুয়াডাঙ্গার সেতুবন্ধ ঘটিয়েছে।