চুয়াডাঙ্গা সীমান্তে অপদখলীয় জমির যৌথ জরিপ নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বরের মাঝামাঝি চুয়াডাঙ্গা সীমান্তে অপদখলীয় জমির জরিপকাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মান্নান।সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই জরিপ চলবে।বাংলাদেশ-ভারতের সীমানা বিরোধ নিরসনে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে অনুষ্ঠিত যৌথ সম্মেলন শেষে গতকাল শনিবার দেশে ফিরে দর্শনা স্থলবন্দরে মহাপরিচালক আবদুল মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।২১ থেকে ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সার্কিট হাউসে তিন দিনব্যাপী এ যৌথ সম্মেলন হয়। এতে আবদুল মান্নানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। গতকাল তাঁরা দেশে ফেরেন। দর্শনা বন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক।আবদুল মান্নান বলেন, কৃষ্ণনগরে যৌথসভায় সে দেশের ভূমি কর্মকর্তারা বাংলাদেশ-ভারতের মধ্যে অপদখলীয় জমির সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। তাই এ বিষয়ে আর কোনো সংকট থাকছে না।প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. ইকবাল, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন, খুলনা বিভাগীয় সেটেলমেন্ট কর্মকর্তা ভবেশ চন্দ্র পোদ্দার, রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক কোং থাম নীলমণি এবং সহকারী জরিপ কর্মকর্তা ফেরদৌস হাসান।