চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্তের বিপরীতে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গত বুধবার সকালে বিএসএফ তাঁদের আটক করলেও পরিবারের সদস্যরা রাতে জানতে পারেন।আটক ব্যক্তিরা হলেন বেণীপুর গ্রামের মৃত বকশ মণ্ডলের ছেলে আবু তালেব (৪৫) ও মৃত আনজের আলীর ছেলে মিজানুর রহমান (৪২)। তাঁদের সঙ্গে থাকা বিশারত আলী (২৭) নিখোঁজ রয়েছেন। তিনি আবু তালেবের ছোট ভাই।এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠক শেষে বিজিবির বেণীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মহসীন আলী প্রথম আলোকে জানান, বিএসএফ পুটিখালী ক্যাম্পের সদস্যরা অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি বলেন, বৈঠকে বিএসএফ পুটিখালী ক্যাম্পের উপপরিদর্শক জসোয়ান্ত শিং জানিয়েছেন, পুলিশ আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কৃষ্ণনগর কারাগারে পাঠিয়েছে। তবে নিখোঁজ বিশারতের বিষয়ে বিএসএফ কোনো তথ্য দিতে পারেনি।আটক আবু তালেবের ছেলে বকুল হোসেন (১৬) জানায়, তার বাবা-চাচাসহ গ্রামের সাতজন গরুর রাখাল মঙ্গলবার রাতে ভারতে যান। বুধবার সকালে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের শূন্যরেখা থেকে ৭০০ গজ ভেতরে বিএসএফের টহল দল ছয়টি গরুসহ তার বাবা ও প্রতিবেশী মিজানুর রহমানকে আটক করে। চারজন কৌশলে ফিরে এলেও তার চাচা বিশারত আসেননি। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।