চুয়াডাঙ্গাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ
আগামী ১৪ নভেম্বরের মধ্যে চুয়াডাঙ্গা জেলা থেকে ভিক্ষাবৃত্তি দূর করতে জেলা প্রশাসন ‘ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি’ হাতে নিয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিষয়টি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন সর্বশেষ জরিপ অনুযায়ী জেলায় বর্তমানে ভিক্ষুকের সংখ্যা মোট ১ হাজার ২২১। সবচেয়ে বেশি দামুড়হুদা উপজেলায় ৪৭৬ এবং সবচেয়ে কম জীবননগরে ৫১ জন ভিক্ষুক রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গায় ৪১৯ ও সদর উপজেলায় ২৭৫ জন ভিক্ষুক রয়েছে।
চুয়াডাঙ্গা শহরে রিকশাা চালিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে দিনকাল ভালোই চলছিল সাইফুল ইসলামের। ২০০৬ সালে ৩০ বছর বয়সে তাঁর দুই পা হঠাৎ অবশ হয়ে পড়ে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিতে নামেন তিনি।
টানা ১০ বছরের ভিক্ষুকের জীবন নিয়ে ত্যক্ত-বিরক্ত সাইফুল ইসলাম (৪০)। ভিক্ষাবৃত্তি ছেড়ে সাভাবিক জীবনে ফিরতে চান তিনি। সাইফুল বলেন, ‘মাত্র ১৫ হাজার টাকা সহায়তা পেলে চায়ের দোকান দিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবো। ভিক্ষুক নামের অভিশাপ থেকে মুক্তি নেব।’
জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রথম আলোকে জানান, জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে বিভিন্ন আয়বর্ধক খাতে সম্পৃক্ত করা হবে। ছোটখাটো ব্যবসা করতে সহায়তা দেওয়া হবে। এরপর যদি কেউ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ আইনজীবী মোহা. রফিকুল ইসলাম জানান, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার পর কেউ নেশা বা পেশার কারণে ভিক্ষা করলে বাংলাদেশ দণ্ডবিধির ২৬৮ ধারায় গণ-উপদ্রব সৃষ্টির অপরাধে তিনি অপরাধী হবেন। এ অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।