চুয়াডাঙ্গার ইটভাটার মালিকদের ১১ শর্ত দিলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগ (টপসয়েল), কাঠের ব্যবহার বন্ধসহ ১১টি শর্ত মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইটভাটার মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইটভাটা পরিচালনার বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এ আহ্বান জানান।

উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে জেলা প্রশাসকের কাছ থেকে নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ব্যক্তি ইটভাটা তৈরি ও ইট পোড়াতে পারবেন না। সব ভাটাকে পরিবেশবান্ধব জিগজাগ পদ্ধতির হতে হবে। পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য বাগান, জলাভূমি বা কৃষিজমি ব্যবহার করতে পারবেন না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম। সভায় জেলার দুটি ইটভাটা মালিক সমিতির ৪৫ জন সদস্য, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসক মতবিনিময় সভার প্রেক্ষাপট তুলে ধরেন এবং জেলার বৈধ ও অবৈধ ভাটার কারণে পরিবেশ, প্রতিবেশ ও জনসাধারণের ক্ষতির সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। এরপর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস চুয়াডাঙ্গা জেলায় ইটভাটার মালিক-শ্রমিকদের নিয়ম না মানার চর্চা ও সরকারি আইন–সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন মাল্টিমিডিয়ায় প্রদর্শন করেন। জেলা প্রশাসকের ফেসবুক পেইজে ভুক্তভোগীদের লেখা মন্তব্য ও পাঠানো ছবি প্রদর্শন করা হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী জেলায় মোট ইটভাটার সংখ্যা ৮৬। ইটভাটার মধ্যে মাত্র ২৬টি ভাটা বৈধ। বাকি ৬০টি ইটভাটার মালিকেরা ন্যূনতম আইন মানেন না। জেলার চারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা আছে দামুড়হুদায় ২৭টি, যার মধ্যে ২০টি ভাটা অবৈধ। নিয়ম থাকলেও জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি ছাড়াই বেশির ভাগ ভাটায় ইট পোড়ানো হচ্ছে।