চুয়াডাঙ্গার গ্রামে বাদলা রোগে ৫০ গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুর টীটন আলী আট মাস আগে ১০ হাজার টাকা ঋণ নিয়ে একটি এঁড়ে বাছুর কিনেছিলেন। টীটনের আশা ছিল কোরবানির আগে এটি বিক্রি করে কিছু টাকা পাবেন। কিন্তু তাঁর সেই আশা পূরণ হয়নি। কয়েক দিন আগে বাদলা রোগে গরুটি মারা গেছে। টীটন আলীদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে। বাদলা রোগে গত এক মাসে শুধু টীটনই নয়, ওই গ্রামের ৩০টি পরিবারের অন্তত ৫০টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়ে আছে আরও শতাধিক গরু।গ্রামবাসীর অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসার অভাব ও ভুল চিকিৎসার কারণে গরুগুলো মারা যাচ্ছে। দোস্ত গ্রামের ওয়াহেদ হোসেন জানান, প্রাণিসম্পদ বিভাগ গ্রামটিতে জরুরি চিকিৎসাসেবা না দিলে যেকোনো সময় মহামারি আকার ধারণ করতে পারে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম দাবি করেন, সময়মতো প্রতিষেধক প্রয়োগ না করায় এই রোগে গরু মারা যাচ্ছে। তবে তা এখনো মহামারি আকার ধারণ করেনি।উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই গ্রামটিতে গবাদিপশুর রোগবালাই হলে সরকারি কোনো চিকিৎসকের দেখা মেলে না। স্থানীয় হাতুড়ে চিকিৎসকই প্রধান ভরসা। কয়েকজন গ্রামবাসী জানান, মাস খানেক আগে প্রথম দোস্ত গ্রামের বসতিপাড়ার ভ্যানচালক সুরুজ আলী, কেরু অ্যান্ড কেরু কোম্পানির কর্মচারী বিশারত আলী ও কৃষক আবদুল গণির একটি করে গরু মারা যায়। কাছাকাছি সময়ে পরপর তিনটি গরু মারা যাওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামটিতে সর্বশেষ শনিবার বসতিপাড়ার আজিজুল ইসলামের দুটি হালের বলদের মধ্যে একটি ও আসলাম উদ্দিনের একটি বকনা গরু মারা যায়। এর আগে বিভিন্ন সময় গ্রামের জীবন খানের আটটি, আমির হোসেনের ছয়টি, জুলফাস আলীর পাঁচটি, ওমর আলীর চারটি, জহুর আলীর চারটি, জামির আলীর তিনটি, নুর ইসলামের তিনটি, আবুল কাশেমের দুটি, দিন মহাম্মদের একটি, আফিজ উদ্দিনের একটিসহ আরও কয়েকজনের একটি করে গরু মারা গেছে।কৃষক আবুল কাশেম জানান, এক সপ্তাহ আগে তাঁর দুটি গরু মারা গেছে, আরও দুটির অবস্থা খারাপ। তিনি বলেন, ‘আইজ (সোমবার) চুঙোড্যাঙা থেইকে শামসুল নামে এক সরকারি ডাক্তার আইসেলো। তিনি দুটো গরু দেকে কিছু ওষুদ দিয়ে ৩০০ ট্যাকা নিয়ে গেল।’আসলাম উদ্দিন নামের আরেক কৃষক জানান, একই ব্যক্তি গ্রামটিতে গরুর রোগ প্রতিষেধক দেওয়া বাবদ গরুপ্রতি ২০ টাকা হারে নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামটিতে যিনি গিয়েছিলেন তিনিও সরকারি কোনো চিকিৎসক নন। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা প্রকল্পের একজন মাঠকর্মী। গ্রাম্য পশুচিকিৎসক বাবুর রহমত জানান, দোস্ত গ্রামের অনেকেই গরুর ব্যবসার সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন হাট থেকে তাঁরা গরু কিনে গ্রামে আনেন। যেসব গরু গ্রামে আনা হয়, সেগুলোকে আদৌ প্রতিষেধক দেওয়া আছে কি না, তা জানা যায় না। যে গরুগুলো মারা গেছে, বেশির ভাগই বাইরে থেকে কিনে আনা। বাদলা ভাইরাসজনিত রোগ। তাই দ্রুত গ্রামটিতে ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয়ভাবে পালিত গরুও আক্রান্ত হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম জানান, বর্ষা মৌসুমে কমবয়সী গরুর সাধারণত এই বাদলা রোগ হয়। সময়মতো প্রতিষেধক প্রয়োগ করলে রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তিনি আরও জানান, লোকবল কম থাকায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জা প্রকল্পের মাঠকর্মী শামসুল ইসলামকে গ্রামটিতে পাঠানো হয়েছে।