চুয়াডাঙ্গার তিন উপজেলায় এসি ল্যান্ড নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার চার উপজেলার মধ্যে তিনটিতেই দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ দায়িত্বের অতিরিক্ত এসিল্যান্ডের দায়িত্বে থাকলেও বিভিন্ন কাজের চাপে তাঁদের পক্ষে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না।
জীবননগরে ১৫ বছর এবং সদর উপজেলায় আড়াই বছর ধরে এসিল্যান্ডের পদ শূন্য। এ ছাড়া, গত বছরের ২৫ নভেম্বর থেকে দামুড়হুদায় এসিল্যান্ডের পদটি শূন্য রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব জানান, বিষয়টি জেলা প্রশাসক প্রতিমাসেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়ে আসছেন।
জীবননগর এসিল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ এসিল্যান্ড জাহিদ হাসান ১৯৯৯ সালের ৩ জানুয়ারি বদলি হন। এরপর ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সেই থেকে ইউএনও অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব পালন করছেন। সদরের এসিল্যান্ড টীটন খীসা ২০১১ সালের ১৫ জুলাই বদলির পর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানবীর মোহাম্মদ আজিম এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
তিনি ২০১২ সালের ২ আগস্ট বদলি হওয়ার পর থেকে সদরের ইউএনও আবুল আমিন বাড়তি দায়িত্ব নেন।
দামুড়হুদার এসিল্যান্ড ফরিদ হোসেন গত বছরের ২৫ নভেম্বর মেহেরপুরে বদলি হওয়ার পর ইউএনও ফরিদুর রহমান এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এসিল্যান্ডরা সরকারি, অর্পিত, পরিত্যক্ত ও খাসজমির পাশাপাশি সরকারি হাটবাজার, জলমহাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। নামজারিসহ জমি-সংক্রান্ত নানা কাজে জমির মালিকেরা এসিল্যান্ডের কার্যালয়ে আসেন।
জীবননগরের মুন্সী মাহবুবুর রহমান বলেন, এসিল্যান্ড না থাকায় বছরের পর বছর জমির মালিকেরা দুর্ভোগ পোহালেও যেন দেখার কেউ নেই।
জীবননগরের ইউএনও সাজেদুর রহমান এসব সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার এসিল্যান্ডের শূন্য পদে কর্মকর্তা নিয়োগ দিলে ইউএনওরা ভারমুক্ত হবেন। তাতে মাঠ প্রশাসনে আরও গতিশীলতা আসবে।