চুয়াডাঙ্গার তিন উপজেলায় ভূমি কর্মকর্তা নেই
চুয়াডাঙ্গার চারটি উপজেলার মধ্যে তিনটিতেই দীর্ঘদিন ধরে শীর্ষ ভূমি কর্মকর্তা বা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পদটি শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্বে থাকলেও বিভিন্ন কাজের চাপে তাঁরা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। এতে ভূমিসংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে দিনের পর দিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবননগর উপজেলায় ১৪ বছর ধরে এসিল্যান্ডের পদ শূন্য রয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় এক বছরেরও বেশি সময় ধরে পদটি শূন্য থাকায় বারবার চিঠি চালাচালি করেও কোনো লাভ হয়নি। কত দিনে শূন্য পদে কর্মকর্তার পদায়ন হবে, তা-ও সুনির্দিষ্টভাবে বলতে পারেননি কেউই।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মলিক সাঈদ মাহবুব জানান, এসিল্যান্ড না থাকার কারণে সমস্যার বিষয়টি জেলা প্রশাসক প্রতি মাসেই সংশিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়ে আসছেন। তবে কত দিনে কর্মকর্তার পদায়ন হবে জানা যায়নি। জীবননগর এসিল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ এসিল্যান্ড জাহিদ হাসান ১৯৯৯ সালের ৩ জানুয়ারি বদলি হন। এরপর কাউকে ওই পদে নিয়োগ দেওয়া হয়নি। সেই থেকে পর্যায়ক্রমে ১০ জন ইউএনও অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করে আসছেন।সদরের এসিল্যান্ড টিটন খীসা ২০১১ সালের ১৫ জুলাই বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানবীর মোহামঞ্চদ আজিম এরপর অতিরিক্ত দায়িত্ব পালন করেন। গত বছরের ২ আগস্ট তিনি কিশোরগঞ্জের ভৈরবে বদলি হলে ওই দিন থেকে সদর ইউএনও আবুল আমিন দায়িত্ব নেন।আলমডাঙ্গার এসিল্যান্ড শামীম হাসান ২০১২ সালের ৭ মার্চ বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। বদলির পর তৎকালীন ইউএনও মুহামঞ্চদ আবদুস সালাম ও ১৮ জুন থেকে বর্তমান ইউএনও আনজুমান আরা বাড়তি দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসিল্যান্ডরা সরকারি, অর্পিত, পরিত্যক্ত ও খাসজমির পাশাপাশি সরকারি হাটবাজার, জলমহাল ও ফলদ বাগান ব্যবস্থাপনা করে থাকেন। ভূমি নিবন্ধন, নামপত্তন, নামজারিসহ জমিজমাসংক্রান্ত কাজেও জমির মালিকেরা এসিল্যান্ড অফিসে আসেন। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে ভূমি সংস্কার ও ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনেক বেশি। ভূমি ও রাজস্ব প্রশাসনের বিষয়ে জনগণ এখন স্থানীয় অফিসে সরাসরি যোগাযোগ করেন। এ ছাড়া সুষুম ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ভূমিসংক্রান্ত রেকর্ড কম্পিউটারাইজড করার স্বল্পমেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব কাজের সঙ্গে এসি ল্যান্ডরা সরাসরি যুক্ত।জীবননগরের ইউএনও মো. সাজেদুর রহমান বলেন, সরকার এসিল্যান্ডের শূন্য পদে কর্মকর্তা নিয়োগ দিলে ইউএনওরা ভারমুক্ত হবেন। তাতে মাঠ প্রশাসনেও আরও গতিশীলতা আসবে। সদর ইউএনও আবুল আমিন ও আলমডাঙ্গার ইউএনও আনজুমান আরা একই মন্তব্য করেন।