চুয়াডাঙ্গার তিনটি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে দিয়েছে শিক্ষা বোর্ড। চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত এল।
জানতে চাইলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র গত শনিবার প্রথম আলোকে বলেন, জেলা শহরকেন্দ্রিক কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষা সামনে রেখে একশ্রেণির শিক্ষকেরা কোচিং-বাণিজ্য ও ব্যবহারিকের খাতা আটকে বাণিজ্য করেন। কোমলমতি ছাত্রছাত্রীদের এমন জিম্মিদশা থেকে মুক্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত বছর পদার্থবিদ্যার ব্যবহারিক পরীক্ষায় নম্বর নিয়ে খামখেয়ালিপনার ঘটনায় অভিযুক্ত চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সংশ্লিষ্ট শিক্ষককে এবার পরীক্ষার বাইরে রাখা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল গত ১৮ আগস্ট প্রকাশিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৯ জন পাস করেন। এর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পান। অনলাইনে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর দেখা যায়, অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় তাঁরা প্রত্যাশা অনুযায়ী নম্বর পেলেও পদার্থবিদ্যার ব্যবহারিকে বেশির ভাগ পরীক্ষার্থীকে ২৫ নম্বরের মধ্যে ১২ থেকে ১৭ নম্বর দেওয়া হয়েছে। এতে করে শতাধিক ছাত্রছাত্রীর কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার পথ রুদ্ধ হয়ে যায়। অনেকেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা হারিয়ে ফেলেন। এ জন্য পরীক্ষার্থীরা পৌর ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক শামীমা সুলতানার বিমাতাসুলভ আচরণকে দায়ী করেন। কারণ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র পৌর কলেজ হওয়ায় এই কলেজের শিক্ষক হিসেবে শামীমা ব্যবহারিকের ইন্টারনাল পরীক্ষক ছিলেন।
বিষয়টি নিয়ে গত বছরের ৩০ আগস্ট প্রথম আলোয় ‘ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ভুক্তভোগী পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ২০ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করে। আবেদনের পর শিক্ষা বোর্ড প্রয়োজনীয় খোঁজখবর নেয়।
২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বিষয়ে ৬ মার্চ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র ও উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সমীরকুমার কুণ্ডু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবারের পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের পরীক্ষার্থীরা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে, সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা পৌর ডিগ্রি কলেজে এবং পৌর কলেজের পরীক্ষার্থীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অংশ নেবেন। গত বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজের পরীক্ষার্থীরা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে, পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অংশ নেন।
কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। তিনি বলেন, বোর্ড কর্তৃপক্ষের কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক তথা চুয়াডাঙ্গাবাসীর বিজয়। তবে পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, এটা শিক্ষা বোর্ডের নিয়মিত কাজের অংশ।