চুয়াডাঙ্গার দুই উপজেলায় ভোট বর্জন, কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য সব প্রার্থী ভোট বর্জন করেছেন। কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির অভিযোগে তাঁরা ভোট বর্জন করেছেন বলে পৃথক সংবাদ সম্মেলনে জানান। একই অভিযোগে কাল মঙ্গলবার দুই উপজেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন সদর উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক, ভাইস চেয়ারম্যান সাইফুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ।

আলমডাঙ্গায় বিএনপি-সমর্থিত চেয়াম্যান প্রার্থী শহিদুল কাউনাইন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারুল খাতুন। জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান আহমেদ জালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজা খাতুন।

সদরে ৮৫টি কেন্দ্রে দুই লাখ ১০ হাজার ৯১৯ ভোটার এবং আলমডাঙ্গায় ১০৩টি কেন্দ্রে দুই লাখ ৪০ হাজার ২৬৩ ভোটার রয়েছেন।

চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চবিদ্যালয়, রায়লা খাতুন গার্লস একাডেমি, চুয়াডাঙ্গা একাডেমি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, ভি জে সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এসব কেন্দ্রে অনেক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন তাঁদের ভোট দেওয়া হয়ে গেছে।

সকাল সাড়ে নয়টায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি যাওয়ার আগেই তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। এ নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট তাঁকে বেধড়ক মারধর করেন। 

চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৮২। এই কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা একজন নাম প্রকাশ না করে অভিযোগ করেন, রাতেই এই কেন্দ্র দখল করে প্রায়  দুই হাজার ৮০০ ভোট সিল মেরে আলাদা করে রাখা হয়েছে। আর পুলিশের সহযোগিতায় এটি করা হয়েছে।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল সামির কাছে জানতে চাইলে তিনি  ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।’