চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জের কৃষক রূপচান মণ্ডল (৫৬)। টানা আট বছর ধরে পানের চাষ করছেন তিনি। এবার তীব্র শীতের কারণে ঝরে গেছে সব পান। তাঁর ১৮ কাঠা পানের বরজে বিক্রির উপযোগী আর একটি পানও অবশিষ্ট নেই। পাশেই হায়দার আলীর (৩৮) বরজের চিত্র একই। বরজগুলো পানশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। এর ফলে জেলার অন্যতম অর্থকরি ফসল পান নিয়ে চাষিরা আর্থিক সংকটে পড়েছেন। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন। কৃষি কর্মকর্তাদের মতে, জেলায় চলতি মৌসুমে মোট দুই হাজার ৮২৫ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। বেশি চাষ হয়েছে আলমডাঙ্গা উপজেলায়। সেখানে দুই হাজার হেক্টর এবং সবচেয়ে কম জীবননগর উপজেলায় ২৫ হেক্টর জমিতে। এ ছাড়া সদর উপজেলায় ৬৫০ হেক্টর ও দামুড়হুদা উপজেলায় ১৫০ হেক্টর জমিতে পানের বরজ করা হয়েছে। চাষিরা জানান, বিগত কয়েক বছরের মধ্যে এ বছর শীতের তীব্রতা ছিল বেশি। সঙ্গে ঘন কুয়াশাও ছিল। স্থানীয় আবহাওয়া কার্যালয়ের মতে, চলতি বছরের ১৩ জানুয়ারি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে-পরেও অন্তত ১০ দিন তাপমাত্রার অবস্থান ৮ ডিগ্রির নিচে ছিল। যে কারণে গ্রামের পর গ্রাম পানের বরজে শীতজনিত রোগ (কোল্ড ইনজুরি) দেখা দেয়। এতে পানের গায়ে ক্ষত, কাণ্ড ও গোড়া পচা এবং ঝরে যাওয়ার হার বেড়ে গেছে। যেসব বরজে অল্প কিছু পান আছে, তা-ও নিম্নমানের। সদর উপজেলার পীরপুর গ্রামের পানচাষি কাজল মালিতা (৪৫) জানান, তিনি এ বছর চার বিঘা জমিতে পানের চাষ করেছিলেন। কিন্তু বরজের তিন ভাগের দুই ভাগই শেষ হয়ে গেছে। বাকি পান বিক্রি করে এখন খরচই উঠবে না। চুয়াডাঙ্গা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম প্রথম আলোকে জানান, পানের বরজের এই ক্ষতি মূলত জলবায়ুর পরিবর্তনের কুফল। এ ছাড়া জমিতে ভেজাল সার ও খইল এবং নিম্নমানের বালাইনাশক ব্যবহারের ফলে উপকারের পরিবর্তে অপকারই হয়েছে। এ জন্য পানচাষিদের কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এ জন্য বালাইনাশক প্রয়োগ ও বিষ প্রয়োগ করতে বারণ করা হচ্ছে।