চুয়াডাঙ্গার বাউল আখড়ায় হামলায় দুজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার ভোরে পুলিশের দর্শনা তদন্ত কেন্দ্রের সদস্যরা দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের মো. আলাউদ্দিন (২৫) এবং নাসির উদ্দিন (২৭)। দুপুরে দামুড়হুদা আমলী আদালতে হাজির করা হলে আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হালিম তাঁদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার তথ্য মিলেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আখড়া নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এক পক্ষের দুজনকে ধরা হয়েছে। অপর পক্ষের লোকদের ধরার চেষ্টা চলছে।
গত শুক্রবার রাতে গোবিন্দপুর গ্রামের জুলমত শাহর আখড়াবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনজনকে মারধর করে এবং দুজনের চুল কেটে দেয়। এ সময় দুর্বৃত্তরা দুটি বসতঘরে আগুনও দেয়।