চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মাদক মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ এবং জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া চুয়াডাঙ্গার ৪০০ কৃতী শিক্ষার্থী। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির যৌথ আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা তাদের এই অবস্থানের কথা ঘোষণা করে। সকাল নয়টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও এক ঘণ্টা আগে থেকেই কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এসে শ্রীমন্ত টাউন হল চত্বরে ভিড় জমান। মাইকে ভেসে আসা ‘বদলে যাও বদলে দাও’ গানের সঙ্গে কণ্ঠ মেলান অনেকেই। অল্প সময়েই অনুষ্ঠানস্থল পরিণত হয় কৃতীদের মিলনমেলায়। সংবর্ধনার শুরুতে কৃতী শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান যেকোনো মূল্যে মুখস্থবিদ্যার চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল বলেন, তিনি নিজে পরীক্ষায় ভালো ফল করেছিলেন। কিন্তু সে সময় এ ধরনের সংবর্ধনা দিতে কেউ এগিয়ে আসেনি। প্রথম আলো ও রবি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল জলিল হাওলাদার বলেন, আজকের শিক্ষার্থীদের প্রধান শপথ হোক জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দূরে থাকা। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম শিক্ষার্থীদের ন্যায়ের সঙ্গে থাকার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান মাদক ও ইভ টিজিং থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী বলেন, ‘চুয়াডাঙ্গা যদি চোখ হয়, তাহলে আজকের এই কৃতী শিক্ষার্থীরা তার কর্নিয়া। দৃষ্টির জন্য যেমন কর্নিয়ার প্রয়োজন, তেমনি চুয়াডাঙ্গার আগামী দিনের উন্নয়নে আজকের কৃতীদের বড় প্রয়োজন।’ রবির আঞ্চলিক ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান খান বলেন, প্রথম আলোর ভালো কাজগুলোর সঙ্গে আমরা সব সময় আছি ও থাকব।শিক্ষার্থীদের মধ্যে থেকে আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা বিশ্বাস বলেন, একজন ভালো শিক্ষার্থী হতে হলে প্রধান ও প্রথম শর্ত একজন ভালো মায়ের সাহচর্য পাওয়া, দরকার সচেতন অভিভাবক ও শিক্ষক। বক্তব্যে কৃতী ছাত্র আবদুস সালাম, আহসান হাবীব ও তারাবানু সবাই আলোকিত মানুষ হয়ে দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক মুন্সী আবু সাইফ, কবি জেড আলম ও প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি ফিরোজ খন্দকার। আলোচনা শেষে চুয়াডাঙ্গার কৃতী নৃত্যশিল্পী সৌম্যজিতা শ্রুতি নৃত্য পরিবেশন করে। সংবর্ধনা অনুষ্ঠানে ভালো ফলের স্বীকৃতিস্বরূপ চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় ও বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। কুষ্টিয়ায় আজ সংবর্ধনা: আজ শনিবার সকাল নয়টায় কুষ্টিয়ার পৌর মিলনায়তনের দ্বিতীয় তলায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। যাঁরা নাম নিবন্ধন করেছেন এবং যাঁরা এখনো নাম নিবন্ধন করতে পারেননি, তাঁরা সবাই একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপিসহ অনুষ্ঠানস্থলে চলে আসবেন।