চুয়াডাঙ্গার শিক্ষিকাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের শিক্ষিকা রাশিদা পারভীনকে হত্যার ঘটনায় আলিম ফকির (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার হাজরাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে আলিমকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনহাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামসুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী রাশিদা (৩০) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ে পড়াতেন। দীর্ঘদিন ধরে রাশিদার সঙ্গে আলিম ফকিরের পরকীয়া চলছিল। পাশের গ্রাম আলিয়ারপুরে বাবার বাড়িতে বেড়ানোর নাম করে রাশিদা গত শুক্রবার আলিমের সঙ্গে যশোরে যান। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে যশোরের আবাসিক হোটেল পারভীনার দুই নম্বর কক্ষে ওঠেন। এ সময় হোটেলের নিবন্ধন খাতায় তাঁরা নিজেদের পরিচয় লেখেন বাগেরহাট জেলার বরইপাড়া গ্রামের কামরুজ্জামান ও লক্ষ্মী পারভীন। বিকেল পাঁচটার দিকে আলিম কৌশলে হোটেল থেকে বের হয়ে যান।ওই দিন রাতে হোটেলের কক্ষে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাশিদার মৃতদেহ দেখতে পান এক কর্মচারী। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে রাশিদার ব্যাগ থেকে রাশিদা ও প্রেমিক আলিম ফকিরের প্রকৃত পরিচয় ও ঠিকানা জানতে পারে পুলিশ।