চুয়াডাঙ্গার সঙ্গে টেলিযোগাযোগ চার দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কেব্ল বিচ্ছিন্ন হওয়ায় চুয়াডাঙ্গার সঙ্গে দেশ-বিদেশের টেলিযোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিটিসিএল কর্তৃপক্ষ কোন স্থানে কেব্ল বিচ্ছিন্ন হয়েছে, তা শনাক্ত করতে অনুসন্ধান শুরু করেছেন।টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গত চার দিন থেকে জেলার তিন হাজার ৬২৪ জন টেলিফোন গ্রাহক জরুরি টেলিফোন ও ফ্যাক্স যোগাযোগ করতে পারেননি। বিটিসিএলের চুয়াডাঙ্গা মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৮ মার্চ রাত আটটা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গার সঙ্গে দেশ-বিদেশের টেলিযোগাযোগ বন্ধ হয়ে যায়। অপটিক্যাল ফাইবার কেব্ল বিচ্ছিন্ন হওয়ার কারণে এই বিপর্যয় দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চুয়াডাঙ্গার দর্শনা হয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের টেলিযোগাযোগ-ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোথায় কেব্লটি বিচ্ছিন্ন হয়েছে, তা শনাক্ত করতে ঢাকা থেকে আসা বিটিসিএলের রক্ষণাবেক্ষণ বিভাগের উপসহকারী প্রকৌশলী আলী আকবরের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল অনুসন্ধানে নেমেছে।গতকাল বিকেলে বিটিসিএল চুয়াডাঙ্গার উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু তাহের জানান, ঘটনাস্থল চিহ্নিত ও সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। আজকে (বৃহস্পতিবার) টেলিযোগাযোগ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।