চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিরুদ্ধে পৌর মেয়রের নানা অভিযোগ
চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন লোকমান হেকিমের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগে কর্মচারী নিয়োগ ও বদলির ক্ষেত্রে উৎকোচ গ্রহণ, সেবিকাদের সঙ্গে অশালীন আচরণ, সরকারি কাজে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার গত বুধবার সিভিল সার্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।সিভিল সার্জন লোকমান হেকিম দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অমূলক ও মিথ্যা। তিনি বলেন, ‘দোষ-গুণ মিলেই মানুষ। চুয়াডাঙ্গায় যোগ দেওয়ার পর গত ১৪ মাসে সব ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করার চেষ্টা করেছি। নিজের অজান্তে কোনো ভুল হয়েছে কি না, জানি না।’সদর আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের ছোট ভাই চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার লিখিত অভিযোগে বলেন, সিভিল সার্জন সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগে ১৯ জন কর্মচারী নিয়োগে আর্থিক দুর্নীতি করেছেন। তা ছাড়া বদলি ক্ষেত্রে উৎকোচ নেন এবং সেবিকাদের সঙ্গে অশালীন আচরণ করেন। সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌর পরিষদের পক্ষ থেকে সদর হাসপাতালের দর্শনার্থীদের নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেও সিভিল সার্জনের অসহযোগিতায় তা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় জনস্বার্থে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ ছাড়া সদর হাসপাতালপাড়ার মো. সাইফুর রহমান সম্প্রতি সিভিল সার্জনের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, সিভিল সার্জন লোকমান হেকিম চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আটজনকে নিয়োগ দিয়ে প্রায় ৪০ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। অবৈধভাবে অফিসের ফ্রিজ, টেলিভিশন, ডিভিডি ও আসবাব বাসায় নিয়ে ব্যবহার করছেন এবং পাঁচজন কর্মচারীকে সার্বক্ষণিক বাসায় রাখছেন। তিনি ছাত্রীদের মিথ্যা ভ্রমণ দেখিয়ে সেবা ইনস্টিটিউটের গাড়ির তেলবাবদ অবৈধ আয় করেন। সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে আয়ের টাকা পুরোপুরি জমা না দিয়ে তিনি আত্মসাৎ করছেন।সাইফুর রহমানের অভিযোগে আরও বলা হয়, সদর হাসপাতালের কনসালট্যান্টদের সঙ্গে সিভিল সার্জনের বিশেষ আর্থিক বোঝাপড়া থাকায় তাঁরা (কনসালট্যান্ট) সময়মতো হাসপাতালে আসেন না। জেলার সব ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল থেকে মাসোহারা নিয়ে থাকেন সিভিল সার্জন। চতুর্থ শ্রেণীর কোয়ার্টারে বসবাসকারীদের বেশির ভাগই বাসায় বৈদ্যুতিক হিটারসহ বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করেন। তাঁদের কাছ থেকে মাসে ৩০০ টাকা হারে আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা করা হয় না। লোকমান হেকিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে না গিয়েও ভ্রমণ-ভাতা নেন। তিনি আর্থিক সুবিধা নিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের পদোন্নতি দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, সদর হাসপাতাল কোয়ার্টারে বসবাসকারী কর্মচারীদের কাছে ১৪ লাখ ২৩০ টাকা বকেয়া থাকলেও সিভিল সার্জন মাত্র তিন লাখ টাকা আদায়ের পর অজ্ঞাত কারণে আর আদায় হয়নি। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ চুরির ঘটনা তদন্তে প্রমাণিত হলেও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কর্মস্থল থেকে আট মাইলের বাইরে যেতে পরিচালকের (স্বাস্থ্য) লিখিত অনুমতির নিয়ম থাকলেও তিনি যোগ দেওয়ার পর থেকেই প্রায় প্রতি সপ্তাহের বুধবার দুপুরে ঢাকার বাসায় যান এবং সোমবার দুপুরে অফিসে যোগ দেন।সিভিল সার্জন লোকমান হেকিম বলেন, সেবিকাদের সঙ্গে বিশেষ সখ্য, চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়া, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, বাসায় চতুর্থ শ্রেণীর কর্মচারী রাখার প্রচলন দীর্ঘদিন ধরে চলে আসছে। তিনি বাসায় ব্যক্তিগত আসবাব ব্যবহার করেন। আবাসিক কোয়ার্টারে বসবাসকারী কর্মচারীরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন। তিনি দাবি করেন, স্বজ্ঞানে কোনো অন্যায় তিনি করেননি। তাঁর ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচারে মাঠে নেমেছে।