চুয়াডাঙ্গার সেই বিচারককে কারণ দর্শানোর নোটিশ
অনুমতি ছাড়া কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিত থাকায় চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জজ কে জি মোস্তফা গত বুধবার ওই নোটিশে সই করেছেন। চুয়াডাঙ্গা জেলা জজ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হায়দার এর সত্যতা নিশ্চিত করেছেন।নোটিশে বলা হয়েছে, ‘আপনার সরকারি কাজের প্রতি অবহেলা সরকারি কর্মচারী শৃঙ্খলাবিধির পরিপন্থী। অতএব, কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না, তার কারণ পত্র পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জেলা জজ বরাবর দর্শানোর জন্য নির্দেশ দেওয়া গেল।’বিচারক সালাউদ্দিন মো. আকরাম অননুমোদিতভাবে দিনের পর দিন অফিসে অনুপস্থিত থাকার বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সাড়ে সাত মাসে দাপ্তরিক কাজ করেছেন ১০ দিন!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।