চুয়াডাঙ্গার হাউলী ইউপির নির্বাচন আবার স্থগিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ আবার দুই মাসের জন্য স্থগিত হয়েছে। এক ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ আদেশ দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ গতকাল বৃহস্পতিবার হাউলী ইউপির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত রাখতে আদেশ জারি করেছেন। লোকনাথপুর গ্রামের আকবর আলী নামের এক ভোটারের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা বলেন, বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু গতকাল বিকেল চারটায় আদালতের আদেশের একটি অনুলিপি তাঁর কাছে জমা দেন। তিনি সেটি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে দেন এবং ভোট স্থগিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর সারা দেশে ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ২৮ মে হাউলী ইউপিতে নির্বাচনের দিন ধার্য ছিল। ১৩ মে প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণায় নামেন। প্রচারণা যখন তুঙ্গে, তখন উপজেলার জয়রামপুর শেখপাড়ার এক বাসিন্দা হাউলী ইউনিয়ন ভেঙে দুটি করার আদেশ চেয়ে উচ্চ আদালতে রিট করেন। ১৬ মে শুনানি শেষে আদালত নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের ৮ মার্চ নির্বাচন কমিশন সচিবালয় এক চিঠিতে ১৬ এপ্রিল নির্বাচনের নতুন দিন ধার্য করে।
ভোটের নতুন সময়সূচি ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের মাঝে আবার নির্বাচনী আবেশ তৈরি হয়। কিন্তু ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে আবার স্থগিতাদেশ এল।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী শাহ নিজের পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রে মেতেছেন। নিজের অনুসারীদের দিয়ে তিনি একের পর এক রিট করিয়ে প্রার্থী, ভোটার ও ভোট সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করছেন।
তবে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী শাহ বলেন, হাউলী ইউপিতে ভোটারের সংখ্যা অনেক বেশি; প্রায় ৩০ হাজার। এত ভোটার নিয়ে নির্বাচন করা কষ্টকর। তাই ২০১৪ সালে উপজেলা প্রশাসন ইউনিয়নটি বিভাজন করে দেয়। কিন্তু সেটি না মেনেই ভোটের আয়োজন করায় ভোটাররা ক্ষুব্ধ হচ্ছেন। এখানে তাঁর কোনো হাত নেই।