চুয়াডাঙ্গায় অপহূত দুই ভাইয়ের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে অপহূত দুই ব্যবসায়ী সহোদরকে তিন দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহরণের পর তাঁদের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে পরিবারের সদস্যরা এ ব্যাপারে মুখ খুলতে চাননি।সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর বুধবার রাত নয়টার দিকে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (৩৮) ও তাঁর সহোদর ভাই আবদুল মজিদ (৩৫) মোটরসাইকেলসহ অপহরণের শিকার হন। এদিকে গতকাল শুক্রবার রাতে এ খবর লেখা পর্যন্ত অপহূতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, কৌশলগত কারণে অপহূতদের পরিবার মামলা করেনি। তবে পুলিশ নিজ দায়িত্বে মাঠে নেমেছে। পুলিশ দুই ভাইয়ের ব্যবহূত মোটরসাইকেলটি ঘটনাস্থলের পার্শ্ববর্তী রোয়াকুলি গ্রাম থেকে বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা মাঝেরপাড়ার মিরাজুল ইসলামের দুই ছেলে রিয়াজুল ইসলাম ও আবদুল মজিদ বুধবার দিনগত রাত নয়টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অপহূত হন। অপহরণের আধা ঘণ্টার মধ্যে অপহূতদের পরিবারের সদস্যদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাঁদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।