চুয়াডাঙ্গায় অপহূত দুজন বাড়ি ফিরেছেন
চুয়াডাঙ্গায় অপহূত কম্পিউটার ব্যবসায়ী আবু সামা (২৮) ও কর্মচারী মাসুদ রানা (২৪) অপহরণের ছয় দিন পর অবশেষে বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ওই দুজনকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে বৃহস্পতিবার রাতে অপহূত দুজন দুর্বৃত্তদের আস্তানা থেকে বের হয়ে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি মসজিদে আশ্রয় নেন। ঝিনাইদহ সদর থানার পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতেই তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন।
আবু সামা ও মাসুদ রানা ৮ মার্চ রাতে চুয়াডাঙ্গা থেকে গ্রামের বাড়ি নিমতলায় ফেরার সময় তাঁদের অপহরণ করা হয়। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘চুয়াডাঙ্গায় ব্যবসায়ীসহ দুজন নিখোঁজ পাঁচ দিন, পরিবারের দাবি অপহরণ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
আবু সামা জানান, ৮ মার্চ রাত নয়টার দিকে গোপালনগর গ্রামের মাঠ থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে একটি ঘরে বন্দী করে রাখা হয়।
আবু সামা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আশপাশে কেউ না থাকায় দুজন দুজনের বাঁধন খুলে বের হয়ে এক কিলোমিটার দূরে একটি মসজিদে আশ্রয় নিই এবং গ্রামবাসীর সহযোগিতায় বাড়িতে খবর পাঠাই। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।’ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, অপহূত দুজন কৌশলে ফিরে এসেছেন।