চুয়াডাঙ্গায় অপহূত শিক্ষক তিন দিনেও উদ্ধার হয়নি
চুয়াডাঙ্গা আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুস সামাদকে (৪০) অপহরণের তিন দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহূত শিক্ষকের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করার পরও পুলিশ অপহূত ও অপহরণকারী চক্রের সদস্যদের সন্ধ্যান পায়নি। পুলিশ ও অপহূতের পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের বাসিন্দা মাওলানা আবদুস সামাদ গত সোমবার সকাল ১০টার দিকে তাঁর মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশে চুয়াডাঙ্গা অভিমুখে রওনা দেন। বাড়ি থেকে এক কিলোমিটার পথ আসার পর জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে সাদা রঙের একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে সামাদকে তুলে নিয়ে যায়। অপহরণকারীদের একজন অপহূতের মোটরসাইকেল নিয়ে পিছু পিছু টান দেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন কাউকে চিনতে পারেননি। অপহরণের পর থেকে অপহূতের কাছে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ রয়েছে।পুলিশ জানায়, পরদিন মাওলানা সামাদের বড় ভাই নুহু নবী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের নামে মামলা দায়ের করেন।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে জানান, অপহূত ব্যক্তিকে উদ্ধার ও চক্রের সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযান সফল হবে বলে তিনি আশা করেন।