চুয়াডাঙ্গায় রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনে আজ মঙ্গলবার সকাল থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এতে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিন দফা দাবিতে আনসারবাড়িয়া রেলওয়ে উন্নয়ন ও সংগ্রাম কমিটির ডাকে এই কর্মসূচি পালিত হয়। এতে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টা থেকে অবরোধ শুরু করে সংগ্রাম কমিটি। প্রথমেই অবরোধের মুখে পড়ে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি।

সংগ্রাম কমিটির দাবিগুলো হলো—প্রেষণে যশোরে থাকা স্টেশনমাস্টারকে নিজ দায়িত্বে বহাল রাখাসহ আনসারবাড়িয়া স্টেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু, আন্তনগর সব ট্রেনের যাত্রাবিরতি ও শতবর্ষী স্টেশনটির আধুনিকায়ন।

কর্মসূচি চলাকালে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ট্রেন চলাচলের সময় (শিডিউল) বিপর্যয় ঘটে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খানসহ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। নাশকতা প্রতিরোধে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে কর্মসূচি শেষে সংগ্রাম কমিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী মজিবুল হকের কাছে একটি স্মারকলিপি দেন।