চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন, চালকের বিরুদ্ধে ৭০ মামলা
চুয়াডাঙ্গায় সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল প্রতিরোধে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় ৭০টি মামলা করা হয়। এসব মামলায় ২৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ লাইনের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে এতে নেতৃত্ব দেন। তিনি মোটরযান অধ্যাদেশের বিভিন্ন আইনে যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে ৫৭টি মামলায় ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। তিনি যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে আরও ১৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
২৬ মার্চ জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও ১০ জন আহত হন। ওই ঘটনার পর থেকে জেলা প্রশাসন বিভিন্ন সড়ক-মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এতে এসব সড়কে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু, ভটভটির পাশাপাশি ইটভাটার ট্রাক্টর চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
আজ যৌথ সভা
এদিকে সড়ক-মহাসড়ক থেকে অবৈধ যানবাহন উচ্ছেদে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার জেলা পুলিশ যৌথসভা আহ্বান করেছে। জেলা পুলিশ লাইনে সকাল ১০টার এ সভায় পরিবহনমালিক ও শ্রমিকনেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।