চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক তিনজন
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় র্যাব ও পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গার সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার আলোকদিয়া বাজার থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন: সদর উপজেলা খেজুর গ্রামের জয়নাল আবেদীন (৪৫) ও দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের আবুল কাশেম (৪৮)। এর আগে বৃহস্পতিবার ভোররাতে দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে শাহাবুল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একটি শাটারগান ও তিনটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, শাহাবুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। শাহাবুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।