চুয়াডাঙ্গায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর নকল করে জাল আদেশ দেখিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগে চুয়াডাঙ্গায় শুকুর আলী নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার তিতুদহ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুকুর আলী তিতুদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল রোববার পুলিশ তাঁকে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সদর থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম হাইকোর্টের আদেশের নাম করে জাল কাগজপত্র দেওয়ার অভিযোগে গত ১২ আগস্ট রাতে মামলাটি করেন।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই ও আগস্টের শুরুতে দুই দফায় নামে-বেনামে সদর উপজেলার গড়াইটুপি গ্রামে ‘গড়াইটুপি মেলা’ চালান শুকুর আলী। এরপর মেলার সময় বৃদ্ধির আবেদন করলে স্থানীয় প্রশাসন তাতে সায় দেয়নি। তখন তিনি প্রশাসনকে হাইকোর্টের একটি আদেশ দেখান। ওই আদেশে গড়াইটুপি মেলায় দুই মাস ধরে যাত্রা, সার্কাস, র্যা ফল ড্র, ওয়ান-টেন, ওয়ান-এইট, চরচরি, ডাইস, ব্রুস লটারি, বউ লটারি, হাউজিসহ বিভিন্ন জুয়ার অনুমতির কথা উল্লেখ ছিল।
হাইকোর্টের নামে পাঠানো খামে মেমো নম্বর ১৭৭১৯/ভিসি লেখা থাকলেও কোনো তারিখ না থাকায় পুলিশের সন্দেহ হয়। এ ছাড়া হাইকোর্ট থেকে ১১ আগস্ট চিঠিটি ইস্যু করা হলেও ঢাকার জিপিও থেকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি বরাবর ৭ আগস্ট পাঠানো হয় এবং ৯ আগস্ট ওসি তা গ্রহণ করেন।
শুকুর আলী ওই জাল আদেশ দেখিয়ে ৯ আগস্ট বিকেল থেকে ১০ আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত যাত্রা, সার্কাস, র্যা ফল ড্র, বউ লটারি ইত্যাদি চালু করেন। পত্রটি জাল মর্মে সন্দেহ হওয়ায় ১০ আগস্ট পুলিশ সুপারের দাপ্তরিক ই-মেইল থেকে তা হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার সোহাগ রঞ্জন পালের ই-মেইলে পাঠানো হয়। তিনি তা জাল বলে নিশ্চিত করেন। এরপর পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, জালিয়াতি চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।