চুয়াডাঙ্গায় আ.লীগের দুই নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের দুই কোটি টাকার দরপত্রকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ বজলুর রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে। হাবিবুর রহমানের অভিযোগ, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বাড়ি ও বড় ভাই বজলুর রহমানের বাড়িতে হামলা চালায়।বিএডিসির চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও ঠিকাদার সূত্রে জানা গেছে, বীজ পরিবহনের প্রায় দুই কোটি টাকার কাজের দরপত্র জমাদানের দিন ছিল বৃহস্পতিবার। দরপত্রে অংশ নেওয়ার জন্য দুই হাজার টাকার ১৩২টি দরপত্রের শিডিউল বিক্রিও হয়। দুপুর ১২টায় দরপত্র জমাদানের শেষ সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা চক্রের বাইরেও বেশ কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দেন। এ কারণে বেলা একটায় দরপত্র বাক্স খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। পরে দরপত্র পরিচালনা কমিটি জরুরিভাবে বৈঠক করে বাক্স খোলার দিন আগামীকাল রোববার নির্ধারণ করে।বিকেল চারটার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে শহরের বড় বাজারপাড়ায় হাবিবুর ও বজলুরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুই বাড়ির সদস্যরা ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। পরে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গায় বিএডিসি নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রপ্রথা ভাঙতে তিনি ও কয়েকজন ঠিকাদার গতকাল ওই দরপত্রে অংশ নেন। তাঁর দাবি, তিনি অংশগ্রহণ করার কারণে চক্রের সদস্যদের কার্যাদেশ পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। যে কারণে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে।তবে আরেফিন আলম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের সঙ্গে হাবিবুরের দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি সভাপতির ঘনিষ্ঠ হওয়ায় পরিকল্পিতভাবে ওই হামলার ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।