চুয়াডাঙ্গায় আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান শিকদারের অপসারণের দাবিতে গতকাল বুধবারও আইনজীবীরা তাঁর আদালত বর্জন করেছেন। আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমান জানান, গতকাল আদালতে আইনজীবীরা উপস্থিত না হলেও বিচারপ্রার্থীদের (বাদী ও বিবাদী) উপস্থিতিতেই ১৮০টি মামলার কার্যক্রম চলে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা এড়াতে বুধবার সকাল থেকে আদালত চত্বরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় অন্য বিচারক ও জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। চুয়াডাঙ্গার সরকারি কৌঁসুলি আলমগীর হোসেন জানান, জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা আদালত চত্বরে দাঙ্গা পুলিশ মোতায়েন করায় ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেন।আদালতে উপস্থিত সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, দাপ্তরিক নির্দেশ পেয়ে তিনি এবং সাতজন দাঙ্গা পুলিশ সকাল থেকেই আদালত চত্বরে দায়িত্ব পালন করছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুজ্জামান জানান, মুখ্য বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান শিকদারের অপসারণ না করা পর্যন্ত তাঁর আদালত বর্জন অব্যাহত থাকবে। আদালত চত্বরে পুলিশ মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, বিচারক নিজের নিরাপত্তার স্বার্থে পুলিশ চাইতেই পারে। সোমবার বেলা ১১টায় আদালতে শুনানি চলাকালে মুখ্য বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান জ্যেষ্ঠ আইনজীবী শামীম রেজার সঙ্গে অসদাচরণ ও আটক করতে পুলিশকে নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আদালত থেকে সব আইনজীবী একযোগে বেরিয়ে যান। এরপর জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে লাগাতার আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে।