চুয়াডাঙ্গায় আটটি পেট্রলবোমা উদ্ধার
চুয়াডাঙ্গায় জেলা জজ আদালতের পাশেই পুরোনো কারাগারের পরিত্যক্ত ভবনের ছাদ থেকে আটটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে। ঘটনাস্থলের পাশে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি ১০টি দপ্তর রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, বোমাগুলো উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা বোমাগুলো জড়ো করেছিল বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল জানান, পেট্রলবোমার খবর পেয়ে দুপুর ১২টায় বিষয়টি পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে জানানো হয়। এরপর সদর থানার পুলিশের একটি দল পুরোনো জেলা কারাগারের পরিত্যক্ত ভবনের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করে। পরিত্যক্ত ওই ভবনের কাছেই রয়েছে জেলা জজ আদালত।
কাছেই জেলা প্রশাসকের কার্যালয়, মুখ্য বিচারিক হাকিমের আদালত, জেলা নির্বাচন কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা ক্রীড়া কার্যালয়, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের জেলা কার্যালয়, জেলা আয়কর কার্যালয়, বিআরটিএ কার্যালয় ও রেকর্ড রুম রয়েছে।