চুয়াডাঙ্গায় আমবাগানে মাছিপোকার আক্রমণ
চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় আমবাগানগুলোতে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। গাছের আম ফেটে যাচ্ছে; বিশেষ করে, আম্রপালি ও মল্লিকা জাতের আমের বাগানে এর প্রাদুর্ভাব বেশি। ফাটা ও পোকায় ধরা আম পচে-গলে বাগানে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই হাজার ৫৩২ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর এক-তৃতীয়াংশে আম্রপালি ও মল্লিকা জাতের গাছ রয়েছে। এখানে এবার আমের বাম্পার ফলন হয়েছে। জেলার সব কটি উপজেলার বিভিন্ন বাগানে ফলছিদ্রকারী আমের মাছিপোকা (ম্যাংগো ফ্রুটফ্লাই) জাতীয় পোকার আক্রমণ দেখা দিয়েছে।চুয়াডাঙ্গার শেখপাড়ার আরিফ হোসেন বলেন, এবার তিনি সদর উপজেলার ছয়ঘরিয়া ও আলোকদিয়া বেলেপাড়া গ্রামে সাতটি বাগানের আম আগাম কিনেছিলেন পাঁচ লাখ ২০ হাজার টাকায়। এ পর্যন্ত বাগান থেকে দুই লাখ ৬৫ হাজার টাকার আম বিক্রি করা হয়েছে। বিপুল পরিমাণ আমে পোকা ধরায় এবং ফেটে যাওয়ায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই কারণে লোকসানের কথা জানালেন সুমিরদিয়া গ্রামের আয়ুব আলী ও নজরুল ইসলাম।দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের কামালউদ্দিন জানান, টানা বর্ষণের আগে ব্যবসায়ীরা তাঁর বাগানের আম দুই লাখ ৫০ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। বর্ষণের কারণে প্রায় অর্ধেক আম ফেটে নষ্ট হয়ে গেছে। ভালো আমগুলো এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করতে পেরেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপপরিচালক রেজাউল করিম বলেন, আম্রপালি ও মল্লিকা আম গুটি থাকাকালে ছত্রাক, কীটনাশক ছিটানোসহ যথাযথ পরিচর্যা না করলে আমে মাছিপোকা আক্রমণ করে। পাশাপাশি আমবাগানে পটাশ ও বোরনের প্রয়োগ যথাযথ না হলে আম ফেটে যেতে পারে। তখন রসাল এই ফলে পোকার উপদ্রব বেড়ে যায়। এ জন্য মুকুল আসার পর থেকেই নিয়ম মেনে পরিচর্যা করা জরুরি।