চুয়াডাঙ্গায় আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালী গ্রামের গৃহবধূ জাহানারা খাতুনকে (২৫) অপহরণ, ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানবাধিকার সংগঠন মানবতার আয়োজনে গতকাল রোববার সকাল ১০টা থেকে আধা ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এসব কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার কর্মসূচিতে যোগ দেন এবং দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মানবতার নির্বাহী পরিচালক মানি খন্দকার, সহিদুল হক বিশ্বাস, জাহানারার বাবা জালাল উদ্দিনসহ মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। গত বছরের ১০ নভেম্বর কোটালী গ্রামের জালাল উদ্দিন তাঁর মেয়ে জাহানারাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একই গ্রামের নিজাম উদ্দিন ও মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেন। এর পর থেকে আসামিরা জাহানারার বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ৬ ডিসেম্বর জাহানারা আত্মহত্যা করেন। জাহানারাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর ভাই রবিউল ইসলাম বাদী হয়ে নিজাম ও মতিয়ারকে আসামি করে মামলা করেন। কিন্তু দুই মাসেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।