চুয়াডাঙ্গায় ইটভাটার আরও দুই শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটার মালিকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসীরা ইটভাটার দুই শ্রমিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। গত রোববার দিবাগত রাতে নতিপোতা ইউনিয়নের বোয়ালমারীতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে জেলায় ইটভাটার তিন শ্রমিককে হত্যা করার ঘটনা ঘটল।
এ ছাড়া মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গত এক মাসেও এক ভাটামালিকের সন্ধান মেলেনি।
গত রোববার নিহত হওয়া দুইজন বোয়ালমারী এলাকার স্টার নামের একটি ইটভাটার নৈশপ্রহরী ছিলেন। তাঁরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মৃত আবদুল জলিল শেখের ছেলে সেলিম শেখ (২৮) ও আমির হোসেনের ছেলে সাহাবুর আলী (২৭)। দামুড়হুদা থানার পুলিশ ভাটা থেকে ৫০০ মিটার দূরের একটি আমবাগান থেকে গতকাল সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার বোয়ালমারী ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে স্টার ইটভাটার অবস্থান। ভাটার বেশির ভাগ অংশ চুয়াডাঙ্গার সীমানায় পড়েছে। সন্ত্রাসীরা অব্যাহতভাবে চাঁদা দাবি করতে থাকায় ভাটার মালিক কাজল আহমেদ এটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ অবস্থায় মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিসকিন আলী অংশীদার হিসেবে যোগ দেন এবং ভাটা চালু রাখেন। কিছুদিন পর সন্ত্রাসীরা আবারও চাঁদা দাবি করতে থাকে।
মিসকিন আলী জানান, দেড় মাস আগে সন্ত্রাসীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি মুজিবনগর থানায় জানানো হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরামর্শে ভাটায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়। এতে চাঁদাবাজেরা ক্ষুব্ধ হয়ে ওই দুই নৈশপ্রহরীকে ভাটা থেকে ধরে নিয়ে হত্যা করে।
সেলিমের চাচাতো ভাই মহাজনপুরের আজিজুর রহমান দাবি করেন, নিহতরা মূলত সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তাঁরা মাসিক চার হাজার টাকা বেতনে ওই ভাটায় নৈশপ্রহরীর চাকরি নেন। তাঁরা দিনে দিনমজুরি করতেন এবং রাতে ভাটায় পাহারা দিতেন। সন্ত্রাসীরা নিষেধ করার পরও ভাটা পাহারা দেওয়ায় তাঁদের খুন করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, নিহত সেলিম ও সাহাবুরের বিরুদ্ধে দামুড়হুদা ও মুজিবনগর থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা নিয়ে অভ্যন্তরীণ বিরোধেই ওই দুজন খুন হয়েছেন।
এ ছাড়া আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের এনআরবি নামের একটি ইটভাটার মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে গত ৩০ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা ভাটাটির শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সুজন মৃধা (২৬) নামে এক শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। গত ১০ জানুয়ারি সন্ত্রাসীরা সদর উপজেলার বদরগঞ্জ বাজার থেকে ইটভাটার মালিক সোহেল রানাকে অপহরণ করে তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। থানায় মামলা হওয়ার পর গত এক মাসেও সোহেল রানাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।