চুয়াডাঙ্গায় ইটভাটায় চাঁদাবাজি অপহৃত মালিকের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না পেয়ে সোহেল রানা নামের ইটভাটার এক মালিককে অপহরণ এবং ভাটাগুলোতে বোমা হামলা চালিয়ে শ্রমিকদের আহত করা হয়েছে। পুলিশ ১৯ দিনেও সোহেল রানাকে উদ্ধার করতে পারেনি।
এদিকে জেলা ইটভাটা মালিক সমিতি তাদের অপহৃত সদস্যের মুক্তি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তত্পরতা বন্ধে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে। সমিতির নেতারা জানিয়েছেন, ইটভাটাকে কেন্দ্র করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তত্পরতা বন্ধ না হলে অনেকেই ভাটা বন্ধ করে দিতে বাধ্য হবেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার এম আর ব্রিকস ও কানাইডাঙ্গার বোস ব্রিকস নামের দুটি ইটভাটায় দাবি করা চাঁদার টাকা না পেয়ে রোববার রাতে বোমা হামলা চালায় দুবৃর্ত্তরা। এতে এম আর ব্রিকসের শ্রমিক খোদা বক্শ এবং বোস ব্রিকসের শ্রমিক কালু মিয়া, আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান, আকবর আলী, হাসান আলী, আবু বকর সিদ্দিক ও রুবেল হোসেন আহত হন। তাঁদের সদর হাসপাতাল ও দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।
এম আর ব্রিকসের মালিক মতিয়ার রহমানের কাছে এক লাখ এবং বোস ব্রিকসের মালিক বিশ্বনাথ বোসের কাছে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ওই বোমা হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট মালিকেরা জানান। পরদিন সোমবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ঝোড়াঘাটায় অবস্থিত এস বি এম ব্রিকস নামে ইটভাটায় দুবৃর্ত্তরা শ্রমিকদের জিম্িÂ করে চাঁদা দাবি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরীসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
চাঁদা না পেয়ে দুবৃর্ত্তরা ১০ জানুয়ারি রাতে সদর উপজেলার ভুলটিয়ার একতা ব্রিকসের মালিক সোহেল রানাকে (২৪) অপহরণ করে। এ ঘটনায় সোহেলের ফুফাতো ভাই মো. রুবেল বাদী হয়ে ১৩ জানুয়ারি সদর থানায় অপহরণ মামলা করেন। এজাহারে বলা হয়েছে, দশমাইল বাজার থেকে মুঠোফোনে কৌশলে ডেকে সোহেল রানাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণের টাকা না দিলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সেকেন্দার আলী গতকাল মঙ্গলবার জানান, সোহেল রানাকে উদ্ধারে অভিযান চলছে। এ পর্যন্ত সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, জেলার প্রায় সব ভাটাতেই চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে বোমা হামলা করা হচ্ছে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা না দেওয়ার কারণে অপহৃত ভাটার মালিককে ১৯ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান জানান, ইটভাটায় চাঁদাবাজি, বোমা হামলা ও ভাটার মালিককে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে।