চুয়াডাঙ্গায় উদীচীর জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। এ উপলক্ষে শোভাযাত্রা, গণসংগীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, বাউলগানের আসরসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উৎসবের এবারের প্রতিপাদ্য ‘সাদারে সাদা কব, কালোরে কালো; বিপ্লবের লাল রঙে হৃদয় করব আলো’। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক নজরুল ইসলাম বুলবুল।
উদ্বোধনের পর শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমির শ্রীমন্ত টাউন হলে সম্মেলনের আলোচনা পর্ব শুরু হয়। উদীচী চুয়াডাঙ্গার সভাপতি নওশের আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমাম হাসান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন হাবিবি জহির রায়হান।
সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নওশের আলীকে সভাপতি ও হাবিবি জহির রায়হানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
বিকেলে উদীচীর নিজস্ব ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।