চুয়াডাঙ্গায় এক বছরে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। নিহতদের বেশির ভাগই অবৈধ যান ও মোটরসাইকেল আরোহী। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হতাহত হওয়ায় অনেক পরিবার পথে বসেছে।অনুসন্ধানে জানা গেছে, জনসচেতনতা ও প্রশাসনিক তদারকির অভাবে সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। মোটরসাইকেলে তিনজন চলাচল ও হেলমেট ব্যবহার না করা দুর্ঘটনার প্রধান কারণ। এ ছাড়া সড়কগুলোতে যাত্রী ও গরু নিয়ে অবৈধ আলমসাধু, পাওয়ারটিলার ও ইটভাটার মাটিবাহী ট্রলির অবাধ চলাচলও অন্যতম কারণ। বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে দর্শনা পর্যন্ত এক মোটরসাইকেলে তিন যাত্রীর চলাচল ও দুর্ঘটনা সমানতালে বাড়ছে।গত ৯ নভেম্বর চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার ঘোড়ামারা সেতুর কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আরজু হোসেন নিহত ও তাঁর দুই বন্ধু আহত হন। ৩ নভেম্বর চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের দামুড়হুদার লোকনাথপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু আনোয়ার হোসেন ও নয়ন আলী নিহত ও মাহবুব নামে এক বন্ধু আহত হন। একই দিন সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে অবৈধ যান শ্যালোইঞ্জিন চালিত আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে রিসান নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। সর্বশেষ ১২ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে আলমডাঙ্গা উপজেলার কুলপালায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হন ইউপি সদস্য টুকু মিয়া। সদর হাসপাতালের শল্য বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান জানান, বেশির ভাগ দুর্ঘটনায় মাথায় আঘাতের কারণে আরোহীদের মৃত্যু হয়েছে। আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এখানে ব্যবসায়ীরা লাখ টাকা মূল্যের মোটরসাইকেল দৈনিক মাত্র ১০০ টাকা কিস্তিতে বিক্রি শুরু করেছেন। এতে যে কেউই মোটরসাইকেলের মালিক হচ্ছে। কোনো প্রকার নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না।চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, অভিভাবকের অসচেতনতায় দুর্ঘটনা বাড়ছে। অনেক অভিভাবক আবদার পূরণে ১৫-১৬ বছর বয়সী ছেলেকে মোটরসাইকেল কিনে বা চালানোর সুযোগ করে দিচ্ছেন। এক মোটরসাইকেলে তিনজন চড়া ও হেলমেট ছাড়া চালানো এবং চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। অনেকের হেলমেট থাকলেও ব্যবহার করেন না, হ্যান্ডেলে ঝুলিয়ে রাখেন অথবা সহযাত্রীর হাতে দেন। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। সমিঞ্চলিতভাবে এটা প্রতিহত করতে হবে। সহকারী পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, পুলিশের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অবৈধ যান এবং মোটরসাইকেলের বেপরোয়া চলাচল রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে।