চুয়াডাঙ্গায় এক মাসে তিন ব্যক্তি নিখোঁজ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মাসের মধ্যে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে পরিবার অভিযোগ করেছে। অভিযোগ অস্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিখোঁজ তিন ব্যক্তি হলেন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের জিয়াউর রহমান (৩০), মাঠপাড়ার রাসেল আহমেদ (২৫) ও খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের সামসুল ফরাজী (৪৭)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
>আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দুজনকে তুলে নেওয়ার অভিযোগ
নিখোঁজ জিয়াউর রহমানের স্ত্রী শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, পান চুরি ঠেকাতে ২২ নভেম্বর রাতে তাঁদের বরজ পাহারা দিচ্ছিলেন জিয়াউর। পাশের বরজে ছিলেন তাঁর (শামীমার) চাচা শাহেদ আলী। রাত তিনটার দিকে চাচা বাড়িতে এসে জানান জিয়াউরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কালো পোশাক পরা অস্ত্রধারীরা তুলে নিয়ে গেছেন। এরপর তাঁরা থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যা বের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে খোঁজ নেন, কিন্তু স্বামীর কোনো সন্ধান পাননি। শামীমা বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দল করতেন না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজের কারণে গোটা পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে।
জিয়াউরের পর ২৯ নভেম্বর রাতে একই গ্রামের মাঠপাড়ার কৃষিশ্রমিক রাসেলকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। রাসেলের চাচি আবেদা খাতুন প্রথম আলোকে বলেন, রাসেল তাঁদের কাছে থাকেন। ওই দিন মাঝরাতে র্যা বের মতো পোশাক পরা অস্ত্র হাতে কয়েকজন ঘরে ঢুকে রাসেলকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যান। এরপর আর তাঁর কোনো খোঁজ পাচ্ছেন না।
চুয়াডাঙ্গায় র্যা বের কোনো কার্যালয় নেই। এই অঞ্চলের র্যা বের ক্যাম্প ঝিনাইদহে অবস্থিত। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুপি উল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁরা এ বিষয়ে র্যা বের সঙ্গে কথা বলেছেন। র্যা ব জানিয়েছে, তারা এমন কাউকে আটক করেনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, জিয়াউর ও রাসেলের নামে থানায় কোনো মামলা নেই। তাঁদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একের পর এক মানুষ তুলে নিয়ে যাওয়া এবং তাঁদের সন্ধান না পাওয়ার বিষয়টি এলাকায় ভীতির সৃষ্টি করেছে।
এদিকে ১১ ডিসেম্বর খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের সামসুল ফরাজী নিখোঁজ হন। সামসুলের স্ত্রী নিগার খাতুন এ ঘটনায় ১২ ডিসেম্বর আলমডাঙ্গা থানায় জিডি করেন। জিডিতে বলা হয়, সামসুল ১১ ডিসেম্বর সকাল ১০টায় বাড়ি থেকে চুয়াডাঙ্গা শহরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
নিগার খাতুন প্রথম আলোকে বলেন, এর আগে গত বছরের ৫ অক্টোবর তাঁদের একমাত্র ছেলে সলোক হোসেন (১৪) অপহৃত হয়। পাঁচ দিন পর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নবগঙ্গা নদী থেকে সলোকের লাশ উদ্ধার করে পুলিশ। নিগার অভিযোগ করেন, তাঁর ছেলেকে যারা অপহরণ ও খুন করেছে, তারাই তাঁর স্বামীকে অপহরণ করেছে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল গতকাল প্রথম আলোকে বলেন, সামসুল ফরাজীর খোঁজে এলাকার বাইরে অভিযান চালানো হচ্ছে।