চুয়াডাঙ্গায় এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিং, অতিরিক্ত ক্লাস, ২০১৪ সালের সেশন চার্জ, দুই মাসের বাড়তি বেতন, স্কাউট ও বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে এই টাকা আদায় করা হচ্ছে।
জেলা শহরের দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হলেও বেশির ভাগ বেসরকারি বিদ্যালয় ৪০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করছে। যশোর বোর্ডের আওতায় চুয়াডাঙ্গার ১৩০টি বিদ্যালয় থেকে এ বছর প্রায় ১৪ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ৪ নভেম্বর থেকে তাদের ফরম পূরণ শুরু হয়েছে।
জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ফরম পূরণের জন্য বোর্ড ও কেন্দ্রের খরচ বাবদ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ১৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগে এক হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে এর সঙ্গে অতিরিক্ত আরও ১০০ টাকা যোগ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বেশির ভাগ বিদ্যালয়েই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তিরা তাঁদের ক্ষোভের কথা জানালেও ঝামেলার আশঙ্কায় নাম প্রকাশ করতে চান না।
আলমডাঙ্গা উপজেলার বেশির ভাগ বিদ্যালয় নির্ধারিত ফি ছাড়াও সেশন চার্জ ৪৩০ টাকা, কোচিং ৪৫০ টাকা, স্কাউট ফি ৩০ টাকাসহ ৯১০ টাকা বাড়তি আদায় করছে। সদর উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ে ৬৫০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়তি আদায় করা হচ্ছে। চুয়াডাঙ্গা শহরের বেসরকারি প্রায় সব বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৪৩০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৩৫৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। মফস্বলের বিদ্যালয়গুলোতে বাড়তি অর্থ আদায়ের হার কমবেশি আছে।
সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এক হাজার ৯০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হচ্ছে।
দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান খাতুন জানান, সেশন চার্জ, বিবিধসহ ৫০০ টাকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে তাঁর বিদ্যালয়েই সবচেয়ে কম টাকা নেওয়া হচ্ছে।
উপজেলার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ বাড়তি টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, টাকা আদায় করে রসিদও দেওয়া হচ্ছে এবং ওই টাকা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলেই জমা রাখা হচ্ছে। জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার আলাউদ্দিন আল আজাদ বলেন, গতবারের অভিজ্ঞতার আলোকে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ ওঠার আগেই ৩ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিদ্যালয়গুলোকে সতর্ক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।