চুয়াডাঙ্গায় ওজোপাডিকো চলছে জোড়াতালি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় যন্ত্রপাতি, যানবাহন ও লোকবলের অভাবে জোড়াতালি দিয়ে চলছে চুয়াডাঙ্গায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কার্যক্রম। এ অবস্থায় ১৫ মে থেকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া শুরু হলে লেজেগোবরে অবস্থা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত ওজোপাডিকোর গ্রাহক বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় ১৬ হাজার। এসব বিদ্যুৎ গ্রাহক প্রতি মাসে কোটি টাকা বিল গুনলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আ. খালেক জানান, চলতি বোরো মৌসুমে ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় প্রায় ১৫ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একই অবস্থা হয়েছিল সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে। চুয়াডাঙ্গার রাফিদ পোলট্রি ও হ্যাচারি লিমিটেডের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্পপ্রতিষ্ঠানকে জেনারেটর-নির্ভর হতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।ওজোপাডিকোর কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গায় বর্তমানে যে লোকবল আছে, তা দিয়ে সর্বোচ্চ তিন হাজার গ্রাহককে ঠিকমতো সেবা দেওয়া যায়। অথচ গ্রাহকই রয়েছে ১৬ হাজার। নতুন গ্রাহক হতে দরখাস্ত জমা পড়েছে আরও এক হাজার। বাড়তি এই গ্রাহকদের সংযোগ নিশ্চিত করতে হলে আরও লোকবলের প্রয়োজন হবে। প্রয়োজনীয় লোকবলের পাশাপাশি ট্রান্সফরমার সরবরাহ নিশ্চিত না হলে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হবে না। ওজোপাডিকোর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন লোকবল, যানবাহন ও যন্ত্রপাতি সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১৫ মে থেকে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শতকরা ৩০ ভাগ হিসেবেই ৩০০ গ্রাহককে প্রথম মাসে সংযোগ দেওয়া হবে। তবে আগে উল্লিখিত সমস্যার সমাধান জরুরি।’