চুয়াডাঙ্গায় করোনা ওয়ার্ডে ব্যাংক কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার বাসিন্দা। ইসলামী ব্যাংক লিমিটেডের জীবননগর শাখার কর্মচারী ছিলেন তিনি।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির প্রথম আলোকে জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁকে করোনা ওয়ার্ডের 'ইয়োলো জোনে' ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা প্রধান শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান বলেন, ওই ব্যক্তি জীবননগর শাখার কর্মচারী ছিলেন। সর্বশেষ এক সপ্তাহ আগে তিনি ব্যাংকে গিয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, ওই ব্যাংক কর্মচারীর লাশ করোনা প্রটোকল মেনে দাফন করা হবে এবং ব্যাংকে তাঁর সর্বশেষ উপস্থিতিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী ১৫ জুন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে গিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল জানান, স্বামী-স্ত্রী উভয়েই শরীরে জ্বর নিয়ে আসেন এবং নমুনা দিয়ে যান।