চুয়াডাঙ্গায় কলেজছাত্র খুন, দুই জেলায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এক কলেজছাত্র খুন হয়েছেন। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গতকাল শনিবার দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শুক্রবার এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: সদর উপজেলার বহালগাছি গ্রামে গতকাল শনিবার সকালে খেতের মাটি খুঁড়ে সিমুয়েল ইসলাম (২১) ওরফে শিমুল নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সিমুয়েল পার্শ্ববর্তী ছয়ঘরিয়া গ্রামের কৃষক আহমেদ আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সমঞ্চান (ইতিহাস) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে সিমুয়েলের দুই বন্ধু সেকেন্দার আলী ও মোশারফ হোসেনকে আটক করেছে।
সিমুয়েলের বাবা জানান, গত শুক্রবার সন্ধ্যায় সিমুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ছেলের সন্ধানে রাত দুইটা পর্যন্ত সেকেন্দারের বাড়িতে কয়েকবার গিয়ে তাঁকে (সেকেন্দার) পাওয়া যায়নি।
সিমুয়েলের চাচা কালু মিয়া বলেন, ‘রাত দুইটার পর সেকেন্দার আমাদের বাড়িতে এলে তাঁর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁকে সকাল নয়টার দিকে পুলিশে সোপর্দ করা হয়। এর পরপরই বহালগাছি গ্রামের একটি ভুট্টাখেতে কর্মরত শ্রমিকেরা খেতের একটি স্থানে মাটি আলগা দেখলে তা সরিয়ে সিমুয়েলের মৃতদেহ দেখতে পান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নারীঘটিত কারণেই বন্ধুদের মধ্যে বিরোধের জেরে সিমুয়েলকে হত্যা করা হয়েছে।
আমতলী (বরগুনা): আমতলীর বৈঠাকাটা গ্রামের গিলাতলী এলাকায় গতকাল সকাল ১০টার দিকে পায়রা নদীর তীর থেকে আবদুর রব (৫০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় কয়েকজন। আবদুর রবের বাড়ি চাওড়া ইউনিয়নের পাড়েরবাড়ি গ্রামে। রবের ভাই আবদুল ওয়াহাব জানান, গত মঙ্গলবার আঙ্গুলকাটা নদীতে মাছ ধরার সময় রব পানিতে পড়ে নিখোঁজ হন।
অপরদিকে তালতলীর উত্তর চরপাড়া বেড়িবাঁধের পাশ থেকে গতকাল সকাল আটটার দিকে সুলতান হাওলাদার (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের নূরুল ইসলাম (৫৭) তিন সপ্তাহ আগে নিখোঁজ হন। গত শুক্রবার বিকেলে ওই গ্রামের জিয়া খানের বাড়ির বাগানে শ্রমিকেরা কাজ করার সময় তাঁর গলিত লাশ দেখতে পান। রাতে পুলিশ লাশ উদ্ধার করে। নূরুল ইসলামের ভাই আলম খলিফা জানান, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন ছিলেন।