চুয়াডাঙ্গায় কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একজন কলেজ অধ্যক্ষকে বেধড়ক পেটানো হয়েছে। গত শনিবার জীবননগর পৌরসভার একজন কাউন্সিলর ও আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা মুঠোফোনে ডেকে নিয়ে তাঁকে পেটান বলে অভিযোগ উঠেছে।উপজেলার উথলী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন অভিযোগ করেন, চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনের সাংসদ আলী আজগারের ছোট ভাই আরিফ হোসেন বিকেলে ফোন করে জরুরি কথা আছে বলে তাঁকে উপজেলা চত্বরে ডেকে নেন। তিনি সেখানে গেলে জীবননগর পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফউদ্দীন বিশ্বাসের ছেলে শিপলু তাঁকে বেধড়ক পেটান।যোগাযোগ করা হলে আরিফ জানান, ওই অধ্যক্ষের সহযোগিতায় স্থানীয় জামায়াতের লোকজন কলেজ চত্বরে সভা করে। ওই সময় শাবল দিয়ে সাংসদ আলী আজগারের শহীদ মিনার উদ্বোধনের নামফলক ভেঙে ফেলা হয়। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। সে জন্য তাঁকে মুঠোফোনে ডেকে আনা হয়। আরিফ আরও জানান, অধ্যক্ষ উপজেলা চত্বরে এলে কমিশনার জাহাঙ্গীর তাঁকে কয়েক দফা ধাক্কা মেরেছেন—যাকে মারধর হিসেবে গণ্য করা যায় না।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসদের অনুমতি নিয়ে গত শুক্রবার রাতে উথলী কলেজ চত্বরে উথলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই রাতে কে বা কারা কলেজ চত্বরে আলী আজগরের নামফলক মুছে ফেলে।অধ্যক্ষ আকরাম হোসেন জানান, ওই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের ঝামেলার আশঙ্কায় মারধরের বিষয়টি তিনি পুলিশকে জানাননি।সাংসদ আলী আজগার দাবি করেন, অধ্যক্ষ আকরামকে মারধর করা হয়নি। তিনি জামায়াতের সমর্থক। তাই কলেজে শহীদ মিনারের উদ্বোধনের নামফলকটি তুলে ফেলা হলেও তিনি থানায় জিডি করেননি।