চুয়াডাঙ্গায় কাল শুরু ইজতেমা
চুয়াডাঙ্গায় আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাত প্রথমবারের মতো জেলা পর্যায়ে এ ইজতেমার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে ইজতেমার মুখপাত্র রাজীবুল হাসনাত প্রথম আলোকে বলেন, শহরের সরকারি আদর্শ মহিলা কলেজ-সংলগ্ন এলাকায় এই ইজতেমা হবে। এতে লাখো মুসল্লি অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন। আগামী শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। এতে এবার নারীরা অংশ নিতে পারছেন না। টঙ্গীর ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় চুয়াডাঙ্গাসহ সারা দেশের ৩২ জেলায় পর্যায়ক্রমে এ ধরনের ইজতেমার আয়োজন করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে প্যান্ডেল ও বয়ান মঞ্চ নির্মাণ শেষ হয়েছে। সর্বশেষ পরিস্থিতি দেখতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী গতকাল দুপুরে ইজতেমাস্থল পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য ৬৫০ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল (আজ) বুধবার দুপুর থেকেই সব কটি প্রবেশমুখে তল্লাশিচৌকি বসানো হবে।