চুয়াডাঙ্গায় কালোবাজারে সার বিক্রি, উদ্বিগ্ন চাষি
চুয়াডাঙ্গায় বিসিআইসির ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ইউরিয়াসহ অন্যান্য সার কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে এক এলাকার সার পাচার করে অন্য এলাকায় নিয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগ রয়েছে। এ কারণে এলাকায় সারের সংকট সৃষ্টি হওয়ায় চাষিরা চিন্তিত হয়ে পড়েছেন।
গত রোববার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনায় এবং জীবননগর উপজেলার দেহাটিতে একজন ডিলারসহ দুজনকে কালোবাজারে সার বিক্রি ও অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। একই দিন কৃষি বিভাগের কর্মকর্তারা কুষ্টিয়ায় পাচারের সময় আলমডাঙ্গার এক ডিলারের দোকান থেকে ২৫ বস্তা সার আটক করেছেন। চাষিরা জানান, চুয়াডাঙ্গায় এখন ভুট্টা চাষের ভরা মৌসুম। তা ছাড়া গম, আলু ও শীতকালীন সবজির আবাদ চলছে পুরোদমে। এ জন্য ইউরিয়ার পাশাপাশি টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রয়োজন। এই জেলায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ৪৩ ডিলারের মাধ্যমে সরকার সার বিক্রির উদ্যোগ নিয়েছে। কিন্তু ডিলাররা কালোবাজারে এবং এক এলাকার জন্য বরাদ্দ দেওয়া সার অন্য এলাকায় নিয়ে বিক্রি করায় সংকট দেখা দিয়েছে।
দামুড়হুদার কলাবাড়ি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, জুড়ানপুর ইউনিয়নের ডিলার ইয়াছিন আলী নিয়ম না মেনে দামুড়হুদা শহরে সার বিক্রি করছেন। এতে ওই ইউনিয়নের প্রকৃত কৃষকেরা বঞ্চিত হচ্ছেন। তিনি এবার ১০ বিঘা জমিতে ভুট্টা ও দুই বিঘা জমিতে গমসহ অন্যান্য ফসল আবাদ করেছেন। এক সপ্তাহ ধরে দামুড়হুদা উপজেলা শহরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এক বস্তা সার কিনতে পেরেছেন।
ডিলার ইয়াছিন আলী এলাকায় সার বিক্রি না করার কথা স্বীকার করেছেন। তিনি কালোবাজারে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
চাষিরা অভিযোগ করেন, জেলার চারটি উপজেলার ৩৬টি ইউনিয়নের মধ্যে ৩৩টির ডিলাররা তাঁদের ইউনিয়নে সার বিক্রি করেন না। তাঁরা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর শহরসহ কয়েকটি বাজারে সার বিক্রি করেন। এ ঘটনা জানার পরও কৃষি বিভাগের কর্মকর্তারা ডিলারদের ইউনিয়নে ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেননি।
জেলা সার ডিলার সমিতির সভাপতি মীর মহিউদ্দিন কালোবাজারে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, অবরোধ-হরতালের কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। ডিলাররা ইউনিয়নে না থাকলেও এলাকায় উপকেন্দ্র করে সার বিক্রি করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার জানান, দামুড়হুদা উপজেলায় বরাদ্দ দেওয়া সব সার উত্তোলন না হওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। ডিলারদের নিজ নিজ ইউনিয়নে ব্যবসা করার বিষয়ে জেলা সার-বীজ মনিটরিং কমিটির পরবর্তী সভায় আলোচনা করা হবে।
সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, সার নিয়ে সাময়িকভাবে কিছু সমস্যা হচ্ছে। তবে যেসব ডিলার এক এলাকার সার অন্য এলাকায় নিয়ে বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।