চুয়াডাঙ্গায় কৃষক খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের বেলতলা থেকে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হায়দার আলী (৪৩) নামের একজন কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। হায়দার আলী শিবনগর হাই স্কুলপাড়ার জামাত আলীর ছেলে।হায়দার আলীর ভাই চাঁদ আলী জানান, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি মুঠোফোনে ফোন এলে বাড়ি থেকে বের হন হায়দার। পরদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেলতলার মাঠে তাঁর লাশ পাওয়া যায়।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হায়দার আলীর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাঁর মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। চাঁদ আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।তরুণীর লাশ উদ্ধারবাগেরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা গ্রামের ভৈরব নদের চরসংলগ্ন মাঠ থেকে পুলিশ গত শুক্রবার সকালে অজ্ঞাত একজন তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে। ওই দিন দুপুরেই লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তাঁর পরনে ছিল গোলাপি রঙের হাতাকাটা টেপ, ফিরোজা নীল রঙের ফতুয়া ও জিনসের প্যান্ট। মেয়েটির গায়ের রং ফরসা।বাগেরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল ইসলাম বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে।’