চুয়াডাঙ্গায় কৃষকদের খুশির ঝিলিক ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরোর বাম্পার ফলনে চুয়াডাঙ্গায় কৃষকদের মনে যে খুশির ঝিলিক দেখা দিয়েছিল, গত বুধবারের ঝড়-বৃষ্টিতে তার খানিকটা ফিকে হয়ে গেছে। ঝড়ে ধানগাছ মাটিতে শুয়ে পড়ার পাশাপাশি কেটে রাখা ধানও পানির নিচে চলে গেছে। কৃষিশ্রমিকের সংকটে ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মো. রেজাউল করিমের দাবি, উল্লেখ করার মতো ক্ষতি হয়নি।বৃহস্পতিবার সরেজমিনে কৃষকদের দুর্ভোগ দেখা গেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বুধবার ৪৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হিসাবে যা গত তিন বছরের মধ্যে রেকর্ড। সদর উপজেলার মোমিনপুর গ্রামের খালিদ হাসান তাঁর ডুবে যাওয়া ধানখেত দেখিয়ে বলেন, ‘এবার ধানের বাম্পার ফলনে বেশ খুশি হয়েছিলাম। ঝড়-বৃষ্টির ভয়ে মঙ্গলবার আগাম ধান কাটাও হয়েছিল। কিন্তু ধান কাটার পর বুধবারের বৃষ্টির পানিতে তলিয়ে তা গেছে। জমি থেকে পানি বের করে ধানগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য শ্রমিক দরকার হলেও তা পাওয়া যাচ্ছে না।’ একই দুর্ভোগের কথা জানান পার্শবর্তী বোয়ালমারী গ্রামের সিরাজুল ইসলাম ও খেজুরতলা গ্রামের তসলিম উদ্দিন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গার চারটি উপজেলায় বোরোর আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৮০৭ হেক্টর, সেখানে আবাদ হয়েছে ৪৩ হাজার ৭১০ হেক্টর। ফলনও হয়েছে ভালো।