‘প্রাণে বাঁচতে চাইলে এক কোটি টাকার ঠিকাদারি কাজ দিতে হবে’
চুয়াডাঙ্গায় কোটি টাকার কাজের জন্য তিন সরকারি দপ্তরে হামলা
চুয়াডাঙ্গা জেলা শহরে গতকাল মঙ্গলবার এক ব্যক্তি তিনটি সরকারি দপ্তরে সশস্ত্র হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই সরকারি দপ্তরগুলোতে ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিও দেন। কোটি টাকার ঠিকাদারি কাজ পাওয়ার দাবিতে তিনি হামলা চালান। ওই ব্যক্তির নাম পারভেজ আলম ওরফে লাইজু (৪২)। তিনি জেলা যুবলীগের আহ্বায়ক আরেফীন আলম ওরফে রঞ্জুর ভাই। গতকাল বেলা আড়াইটার দিকে শহরের কলেজ রোডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত ভবন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তিনি ভাঙচুর চালান। এ ঘটনায় গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় দুটি মামলা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছিল।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওমর আলী লিখিত এজাহারে অভিযোগ করেন, গতকাল বেলার দুইটা ২৫ মিনিটে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তিন ফুট লম্বা একটি রামদা নিয়ে পারভেজ তাঁর কক্ষে ঢুকে ভাঙচুর শুরু করেন। পারভেজ তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘প্রাণে বাঁচতে চাইলে এক কোটি টাকার ঠিকাদারি কাজ দিতে হবে।’ আরেক মামলার বাদী গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আবু শামস কায়সার চৌধুরী লিখিত এজাহারে প্রায় একই ধরনের অভিযোগ করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, কোটি টাকার কাজের দাবিতে পারভেজ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীর কক্ষের টেবিলের কাচ, টেলিফোন ও একটি ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়েও পারভেজ একইভাবে কর্মকর্তাকে হুমকি দেন এবং ভাঙচুর করেন। তবে গতকাল রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। ঘটনার পর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাউবোর কর্মকর্তাদের পাওয়া যায়নি।জেলা যুবলীগের আহ্বায়ক আরেফীন আলম জানান, পারভেজ বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করছেন। চার দিন আগে তাঁর নামে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। যুবলীগের সঙ্গে পারভেজের কোনো সম্পর্ক নেই।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।