চুয়াডাঙ্গায় খেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বহালগাছি গ্রামের একটি ভুট্টাখেত থেকে সিমুয়েল ইসলাম ওরফে শিমুল (২১) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
সিমুয়েল বহালগাছি-সংলগ্ন ছয়ঘরিয়া গ্রামের কৃষক আহমেদ আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ওই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সেকেন্দার আলী (২৩) ও মোশারফ হোসেন (২১) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশের দাবি, নারীঘটিত কারণে ঘনিষ্ঠ বন্ধুরা সিমুয়েলকে গতকাল শুক্রবার রাতে কৌশলে ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর তাঁকে ভুট্টাখেত খুঁড়ে মাটির নিচে পুঁতে রাখে।
নিহত ব্যক্তির বাবা আহমেদ আলী জানান, গতকাল সন্ধ্যায় ছয়ঘরিয়া গ্রামের বিলের ধারে বনভোজন করেন সিমুয়েল। খাওয়াদাওয়া শেষে তিনি বাড়িতে আসেন। পরে ক্যারম খেলতে গ্রামের আজিমের দোকানে যান। অন্যান্য দিন রাত নয়টার মধ্যে বাড়িতে ফিরলেও কাল ১০টার পরও ফেরেননি তিনি। ওই দোকানদার ও বন্ধুদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা সবাই জানান, সিমুয়েলকে তাঁরা সেকেন্দার আলীর সঙ্গে একসঙ্গে ঘুরতে দেখেছেন। এরপর সিমুয়েলের মুঠোফোনে বারবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। সেকেন্দারকে খুঁজতে রাত দুইটা পর্যন্ত তাঁর বাড়িতে দফায় দফায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
সিমুয়েলের চাচা কালু মিয়া বলেন, ‘রাত দুইটার পর সেকেন্দার আমাদের বাড়িতে এসে তাঁকে খোঁজ করার কারণ জানতে চায়। এ সময় তাঁর চেহারা ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁকে ধরে রেখে সিমুয়েলের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হয়। সকাল নয়টার দিকে সেকেন্দারকে পুলিশে সোপর্দ করা হয়। এর পরপরই পার্শ্ববর্তী বহালগাছি গ্রামের মুচিমাঠে আবুল হোসেনের ভুট্টাখেতে কর্মরত শ্রমিকেরা ওই খেতের একটি স্থানে মাটি খুঁড়ে সিমুয়েলের লাশ দেখতে পায়। এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ’
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, আজ বিকেল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নারীঘটিত কারণেই বন্ধুদের মধ্যে বিরোধের জন্ম নেয়। এর জের ধরেই সিমুয়েলকে কৌশলে ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। তিনি বলেন, এ ঘটনায় সেকেন্দার ও মোশারফ হোসেন ছাড়া আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।