চুয়াডাঙ্গায় গরমজনিত রোগে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক
চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমের কারণে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। এসব রোগে গত ১৫ ঘণ্টায় শুধু সদর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিন শিশু মারা গেছে এবং দুই শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালে শয্যাসংকটে ওয়ার্ডের বারান্দায় রেখে অনেক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে গত মঙ্গলবার রাতে ১৪ শয্যার বিপরীতে রোগী ছিল ৬৯ জন। শয্যার অভাবে ওয়ার্ডের মেঝেতে ও খোলা বারান্দায় নোংরা পরিবেশে মুমূর্ষু শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ১৫ ঘণ্টায় ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত তিন শিশু মারা গেছে। এরা হচ্ছে চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ার পিয়ার আলীর ছেলে প্রেমা (দেড় বছর), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আহাদ আলীর ছেলে রুহান (দুই দিন) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে বাবু (দুই দিন)। দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েক দিনে এসব রোগে আক্রান্ত শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে।সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জমির উদ্দিন বলেন, প্রচণ্ড গরমে শিশুদের গরম কাপড় পরানো যাবে না। বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। বুকের দুধ খাওয়াতে হবে। ফিডারে দুধ ও বাসি-পচা খাবার খাওয়ানো যাবে না।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) রতন কুমার সিংহ রায় বলেন, জেলার সব হাসপাতালে স্বাস্থ্যশিক্ষা দেওয়া হচ্ছে। শিশুদের বেশি করে পানি ও খাওয়ার স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।